পল্লবীতে মিছিল ও সরকারবিরোধী অপপ্রচারের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় ঘটনা স্থান থেকে একটি মাইক্রোবাস, ব্যানার এবং বেশ কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়।শুক্রবার (৩১ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান বসিরের নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালীন টহল চলাকালে খবর পাওয়া যায় যে, সেকশন-১২ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীবৃন্দ ও কতিপয় সদস্য সমবেত হয়ে মিছিল বের করার চেষ্টা করছে। টহল পুলিশ ও হোন্ডা মোবাইল পার্টির উপস্থিত টের পেয়ে উপস্থিত প্রায় ৫০-৬০ জন পালিয়ে গেলেও ধাওয়া করে ১৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে — অন্তর ইসলাম বাপ্পি, আহ্বায়ক, রূপনগর থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর” লেখা একটি ব্যানার এবং আসামীদের ব্যবহৃত ১টি সাদা রঙের হাইএইস (HI-ACE) মাইক্রোবাস (রেজি নং-ঢাকা মেট্রো-চ-১৯৬৬৩৬) উদ্ধার করা হয়।এছাড়া রূপনগর থানা ছাত্রলীগের সদস্য সচিব সুজনের ব্যবহৃত একটি সিমফনি Z28 এবং নাসিরের ব্যবহৃত একটি ভিভো Y93 মডেলের স্মার্টফোন জব্দ করা হয়।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।