ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ মিরপুর থানা’র ০৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ০৭ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মিশারকে উদ্দেশ্যে হুমকি প্রদান এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফয়সাল আহমেদকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি যে জবাব দাখিল করেছেন, তা দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি।
ফলশ্রুতিতে, দলের প্রাথমিক সদস্য পদসহ তাঁর সব ধরনের পদ বাতিল ও তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান আজ এই বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন।
দলের হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো পর্যায়ের নেতাকর্মীর ওপর হুমকি বা অন্যায় আচরণের বিষয়ে দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।