ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ২ ও ৬ নম্বর ওয়ার্ড বিভক্ত করে নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ওয়ার্ড দুটি গঠিত হলে ডিএনসিসিতে মোট ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৬টিতে।
নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিদ্যমান ২ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে একটি এবং ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাব পাওয়া গেছে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ২৭ ও ২৯ ধারা অনুযায়ী নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ কাজে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।