
রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে প্রহার ও নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করেছে পুলিশ। একই সাথে নির্যাতনের শিকার ওই শিশুটিকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়ার বিশেষ তৎপরতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত পরশু রাতে মিরপুর ১ নম্বর এলাকায় রুটি চুরির কথিত অভিযোগে এক পথশিশুর ওপর বর্বরোচিত শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে জানাজানি হলে দ্রুত পদক্ষেপে নেয় পুলিশ।
এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, শিশুটিকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আইনগত প্রক্রিয়ার আওতায় এনে আটক করা হয়েছে।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ বিভাগ সূত্রে জানানো হয়েছে।