বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নেতা রয়েছেন, যাদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে উঠেছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, দলীয় আনুগত্য এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান তেমনই এক বহুল আলোচিত নাম।
রাজপথের আন্দোলনের ধারাবাহিকতায় তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক পথচলা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ওয়ার্ড পর্যায় থেকে জাতীয় রাজনীতিতে উত্থান
দলীয় সূত্রে জানা যায়, মামুন হাসানের রাজনৈতিক জীবনের সূচনা একেবারে তৃণমূল পর্যায় থেকে। তিনি ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব পালন করে আজকের অবস্থানে এসেছেন
১৩ নং ওয়ার্ড ছাত্রদল যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি। মিরপুর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক ও সভাপতি (তৎকালীন মিরপুর, কাফরুল, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, শাহ আলী, দারুস সালাম, তুরাগ ও পল্লবী সমন্বয়ে গঠিত)।
ঢাকা মহানগর ছাত্রদল (অবিভক্ত) প্রচার সম্পাদক এবং পরবর্তীকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ অর্থ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি। বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তাকে যেমন বারবার রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে, তেমনি মোকাবিলা করতে হয়েছে একাধিক মামলা ও সাজা। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ৪০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এমনকি রাজনৈতিক মামলার জের ধরে তাকে ১৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। তবে এসব বাধা-বিপত্তি সত্ত্বেও তিনি রাজনীতির মাঠ ছাড়েননি।
ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে আসার ইচ্ছা
ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় দায়িত্ব প্রসঙ্গে মামুন হাসান বলেন, “আমরা রাজনীতির মানুষ, দলকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি। দলের দায়িত্ব হলো একটি আমানত, আর এই আমানত রক্ষা করাই আমাদের লক্ষ্য, ইনশাআল্লাহ।”
ঢাকা মহানগর বিএনপির গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, ওয়ার্ড ও মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে দায়িত্ব পাওয়ার একটি স্বাভাবিক ইচ্ছা বা স্বপ্ন তার রয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশ রাজনীতিতে ঢাকা মহানগর বিএনপি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ শাখা, যেখানে অত্যন্ত নিষ্ঠাবান এবং কাজ করতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন।
দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের উপযুক্ত মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করে মামুন হাসান আরও বলেন, তিনি মহানগরের রাজনীতিতেই সক্রিয় থাকতে চান এবং দল থেকে যে দায়িত্বই দেওয়া হবে, তা নিষ্ঠার সাথে পালন করবেন।