নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিতর্কিত এক যুবকের পদ পাওয়া নিয়ে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অধীনস্থ শাহ আলী থানা ছাত্রলীগের নবঘোষিত কমিটিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার ফাহাদ মাহমুদকে সহ-সভাপতি পদ দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার মুখে মাত্র ১৫ ঘণ্টার মাথায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৩০ জুলাই ২০২৬ রাতে পত্রে স্বাক্ষরের মাধ্যমে শাহ আলী থানা ছাত্রলীগের এই কমিটি অনুমোদন দেন নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি (বর্তমানে লন্ডনে পলাতক) রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক (পলাতক) সাগর আহমেদ শামীম।
বিতর্কের সূত্রপাত ও নেতাকর্মীদের ক্ষোভ
কমিটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ইঞ্জিনিয়ার ফাহাদ মাহমুদের দুটি আলোচিত ছবি। এর একটি ছবিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের দিন তাকে গণভবনের ভেতরে এবং অন্যটিতে সংসদ ভবনের ভেতরে অবস্থান করতে দেখা যায়।ছবি দুটি ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সংগঠনের একাংশের নেতাকর্মীদের অভিযোগ, টাকার বিনিময়ে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে গণভবন ও সংসদ ভবনের ভাঙচুর বা লুটপাটে যুক্ত ফাহাদ মাহমুদকে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল।