ক্যান্সারে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রাফাত শাওন, পেলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব
ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে লড়াই করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তরুণ ছাত্রনেতা রাফাত শাওন। জীবন-মৃত্যুর এই কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাকে ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর বিজ্ঞপ্তিতে মিরপুর থানা ছাত্রদলের আহবায়ক অনিক রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান মিন্টু, সদস্য সচিব আকিল আহমেদ অনিকের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন রাফাত শাওন। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সংগঠনের প্রতি তার ত্যাগ, পরিশ্রম এবং আনুগত্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৩ নং ওয়ার্ড শাখার নতুন কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক সহযোদ্ধারা জানান, রাজপথের এক সক্রিয় ও অনুকরণীয় কর্মী ছিলেন শাওন। অসুস্থ হয়ে বিছানায় পড়ার আগ পর্যন্ত সংগঠনের প্রতিটি কর্মসূচিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এমন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার এই নতুন পরিচয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন।
ছাত্রদলের নেতৃবৃন্দ ও রাফাত শাওনের পরিবার দেশবাসীর নিকট তার শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় সংগঠন ও রাজপথে ফিরে আসতে পারেন।