দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং/সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ৩৩৮টি প্রতিষ্ঠান এই কার্যক্রমে অংশ নেওয়ার অনুমোদন পেয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। এরই ধারাবাহিকতায় দুই দেশের সমঝোতা স্মারক (MoU) ও পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি স্বচ্ছ, সুশৃঙ্খল এবং ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যসমূহ:
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের অভিবাসন ব্যয় ও স্বার্থ সুরক্ষিত রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। নির্দিষ্ট কোনো সিন্ডিকেট বা একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই আগ্রহী কর্মীরা এখন থেকে অনুমোদিত এজেন্সি ও মেডিকেল সেন্টারের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।