বিগত দেড় দশকে পুঞ্জীভূত গ্যাস ও বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে পুরোপুরি সমাধান করা কঠিন চ্যালেঞ্জ হলেও এ নিয়ে সরকারের আন্তরিকতা ও ধারাবাহিক প্রয়াসের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। ড. মাহদী আমিন জানান, দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নীতির কারণে জ্বালানি খাতে যে গভীর সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি নিরসন করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং টেকসই সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার ইতিমধ্যে বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে সরকারের বিভিন্ন দপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে খুব শীঘ্রই এ খাতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে।