বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
কমিটি বিলুপ্তির পর থেকেই নতুন নেতৃত্বের দৌড়ঝাঁপ ও সমীকরণ শুরু হয়েছে। এরই মধ্যে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে শীর্ষ নেতৃত্বের আলোচনায় জোরেশোরে উঠে এসেছে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ-এর নাম।
তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, ছাত্রদলের রাজপথের আন্দোলন-সংগ্রামে এবং কর্মীদের যে কোনো বিপদ-আপদে সবসময় ‘ছায়াসঙ্গী’ হিসেবে পাশে দাঁড়িয়েছেন আসাদুজ্জামান আসাদ। কর্মীদের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকার কারণে সাধারণ নেতা-কর্মীদের মাঝে তার আলাদা গ্রহণযোগ্যতা ও আস্থা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অধীনস্থ ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম সম্পাদক হিসেবেও অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সংগঠনের একাধিক নেতা-কর্মী জানান, রাজপথের অভিজ্ঞতা, শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক নেতৃত্বের দক্ষতা এবং কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে আগামীর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে সংগঠিত ও শক্তিশালী করতে আসাদুজ্জামান আসাদকে শীর্ষ নেতৃত্বে দেখতে চান তারা।