জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মত্যাগ ও আহতদের স্মরণে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে এক বর্ণাঢ্য ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ লেলিনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে মঙ্গলবার সকাল ৬ ঘটিকায় এ ম্যারাথন প্রতিযোগিতার সূচনা হয়।
ম্যারাথনটি মিরপুর চিড়িয়াখানা রোডের নির্ধারিত রুট অতিক্রম করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃঢ় নিরাপত্তায় আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন বয়সের প্রায় শতাধিক প্রতিযোগী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজক বিএনপি নেতা আবুল কালাম আজাদ লেলিন জানান, বৈষম্যবিরোধী গণআন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং এখনো যারা পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন, তাদের স্মৃতি ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখা এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরণের ইতিবাচক ও ক্রীড়ামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।