ঐতিহ্যবাহী ‘মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র রাড্ডা’ ভাঙচুর ও বেআইনি দখলের ঘটনায় নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ৯৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী ইলিয়াছ আলী। অনলাইন নিউজ পোর্টাল The Business Standard সহ অন্যান্য মাধ্যমে প্রকাশিত এসব সংবাদকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক এবং চরম মানহানিকর বলে আখ্যায়িত করেছেন।
এক বিবৃতিতে কাজী ইলিয়াছ আলী বলেন, “আমি উক্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে বিন্দুমাত্র জড়িত নই। জানিনা কোন কারণে বা কাদের স্বার্থে ষড়যন্ত্রকারী এবং দুষ্কৃতিকারীরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এসব মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে।”
তিনি নিজের অবস্থান পরিষ্কার করে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “উক্ত ভাঙচুর বা দখলের ঘটনার সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আমি স্বেচ্ছায় আইনের কাছে নিজেকে সোপর্দ করব।”
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাজী ইলিয়াছ আলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। একই সাথে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে নির্দোষ ব্যক্তিদের এই ঘটনায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।