নিজস্ব প্রতিবেদক:
দেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি জানান, এ লক্ষ্যে খুব শীঘ্রই দেশব্যাপী একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ-শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত চূড়ান্ত বিজয়ী সেরা তরুণদের সরকারি অর্থায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো হবে। যাতে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এমন উদ্যোগ দেশের তরুণদের মেধা বিকাশ ও বৈশ্বিক অঙ্গনে নেতৃত্বের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।