অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি নতুন বাংলাদেশের ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ জাদুঘর ইতিহাস সংরক্ষণ এবং নতুন পথচলার প্রেরণার কেন্দ্র হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার ভাষায়, এই জাদুঘরই হবে আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে পথচলায় কোনো বিভ্রান্তি তৈরি হলে এখানকার স্মৃতি ও শিক্ষা থেকেই নতুন করে অনুপ্রেরণা নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারক ও বাহক হিসেবে তরুণদেরই এগিয়ে আসতে হবে।
বক্তব্যের শেষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তার মতে, এই জাদুঘর নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের আদর্শ সম্পর্কে জানার সুযোগ করে দেবে।